গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার উচ্চবিদ্যালয়ের টিনশেড ভবনের ছয়টি কক্ষ আগুনে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী তারেক জানান, বেলা ২টার দিকে টিনশেড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে বিদ্যালয়ের ৬টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, আগুন লেগে ওই বিদ্যালয়ের ৬টি কক্ষ পুড়ে গেছে। তবে কক্ষগুলোতে ক্লাস হতো না। ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ায় ওই কক্ষগুলোতে স্কুলের পুরনো আসবাবপত্র ও কাগজপত্র রাখা হতো। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।